মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ধাপে ধাপে ঘণীভূত হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় ‘সেনিয়া’-তে পরিণত হয়েছে। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টার সময় ঘূর্ণিঝড়টি একই এলাকায় অবস্থান করছিল এবং এটি পশ্চিমমুখী হয়ে অগ্রসর হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথমে নিম্নচাপটি গভীর নিম্নচাপে এবং পরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেয়। সেই সঙ্গে সাগরে আরও একটি শক্তিশালী আবহাওয়া পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে থাকা আরেকটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সেটিও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ–সংলগ্ন এলাকায় স্থির রয়েছে, যা সাগর ও উপকূলীয় আবহাওয়ায় প্রভাব ফেলছে। আবহাওয়া অফিস বলছে, সাগরে ঘনীভূত এই লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।এ কারণে আজ সকালে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে,মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলমুখী সব ট্রলারকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।সাগরে আবহাওয়ার আচরণ দ্রুত পরিবর্তন হওয়ায় পরিস্থিতি গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় সেনিয়া এখনো উপকূলের দিকে না এলেও আবহাওয়া অধিদপ্তর ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।[1116]