৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন দুই বোন
রাজবাড়ী জেলায় বিরল সাফল্যের জন্ম দিয়েছেন আপন দুই বোন ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশী। সম্প্রতি ঘোষিত ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফলে তারা স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একসঙ্গে বিসিএসে জয় পাওয়া এ দুই বোনের সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো রাজবাড়ীবাসী আনন্দে ভাসছে।শশী ও আরশী রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের বাসিন্দা। তাদের বাবা আক্কাস আলী মোল্লা রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা মালেকা আক্তার শিখা বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক। শশী ও আরশী দু’জনেই রাজবাড়ী সরকারি কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পর্যন্ত জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে শশী ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং আরশী ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ২০২২ সালে তারা এমবিবিএস সম্পন্ন করে ইন্টার্নশিপ শেষ করেন। এরপরই বিসিএসের প্রস্তুতি নেন।দুই মেয়ের সাফল্যে আবেগাপ্লুত বাবা আক্কাস আলী বলেন,
“আমার দুই মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তাদের। প্রথম বিসিএস পরীক্ষাতেই এই সাফল্য পরিবার ও রাজবাড়ীর জন্য গর্বের।”অন্যদিকে মামা রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বলেন,
“দুই ভাগ্নির একসঙ্গে বিসিএস জয় আমাদের আনন্দে ভরিয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি, তারা মানবিক চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে।”একসঙ্গে বিসিএস জয় শুধু পরিবারকেই নয়, পুরো রাজবাড়ী জেলাকেই আনন্দিত করেছে। স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দেশবাসীর কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন। ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশীর একসঙ্গে বিসিএসে জয় কেবল ব্যক্তিগত নয়, বরং রাজবাড়ী জেলার জন্য এক বড় প্রাপ্তি। এ সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং চিকিৎসক হিসেবে তাদের ভবিষ্যৎ কর্মযাত্রায় মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করছেন সবাই।সকল ধরণের খবর সবার আগে জানতে প্রথম সংবাদের সাথে থাকুন[48][46][45][26][248]