একই দিনে হবে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা
২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। আগামী ১২ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মেডিকেল শিক্ষা) প্রফেসর ডা. মহিউদ্দিন মতিউর আজ এ তথ্য নিশ্চিত করেছেন।অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) প্রফেসর ডা. রুবিনা ইয়াসমিন বলেন,“গতকাল আমরা একটি সভা করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একই দিনে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।”তবে ভর্তি পরীক্ষার মেধা তালিকা প্রণয়ন বা স্ক্রিপ্ট মূল্যায়ন পদ্ধতি এখনো চূড়ান্ত নয় বলে তিনি জানান। রুবিনা ইয়াসমিন আরও বলেন,“এই বিষয়ে বিস্তারিত নির্ধারণ করতে আরেকটি সভা অনুষ্ঠিত হবে।”এর আগে ৬ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অনানুষ্ঠানিক বৈঠকে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।অন্যদিকে, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারির প্রথম দিকে হওয়ার কথা ছিল। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. নাজমুল হোসেন তখন জানিয়েছিলেন, ডেন্টাল ভর্তি পরীক্ষা মেডিকেল পরীক্ষার এক মাসের মধ্যে নেওয়া হবে।তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার উভয় পরীক্ষাই একই দিনে, একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এর ফলে পরীক্ষা পরিচালনায় সময় ও ব্যয় উভয়ই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।[538]ভর্তি প্রক্রিয়া ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।